Opens in a new tab

রিফাত হাসান

বাংলাদেশে মিডিয়া বলিতে যা কিছু একজিস্ট করে বা প্রথম আলো সমস্যা

April 9, 2023   0 comments  1:39 pm
885485958 1670667175070315 694575796998440885 n

আমি প্রথম আলোরে ঠিক আওয়ামী লীগ না, সিভিল সোসাইটি হিশেবে পড়তে পেরেছি সব সময়। বাংলাদেশে আর সব পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়া মিলে পিওর আওয়ামীলীগ। উভয়ের ইন্টারেস্ট এর মধ্যে মাঝে মধ্যে ওভারল্যাপ হওয়ায় কিছু বিভ্রান্তি তৈরী হইছে। যেমন, সমাজে জঙ্গী ফেনোমেনন উৎপাদন আর গণঘৃণা তৈরীর আওয়ামী প্রজেক্টে তাদের কনসেন্ট ও অবদান আছে বইলা আমাদের বড় অভিযোগ আছে। জামাত শিবির প্রতিরোধ করতে গিয়ে ‘পুলিশ কেন মার খাচ্ছে’, প্রথম আলো পত্রিকা এবং আরো প্রভূত চিন্তাশীল মিডিয়া ও বুদ্ধিজীবীরা এমন একটা দার্শনিক প্রশ্ন করেছিল দুই হাজার বার সালে। সেই সময়ে সুশিল সমাজ এবং আওয়ামীলীগ উভয়ের ইন্টারেস্ট এক হয়ে গেছিল। তাদের এই দার্শনিক অভিজ্ঞানের ফল ছিল শাহবাগের মব। দুই হাজার উনিশেও, আবরার খুনের পর বুয়েট ছাত্রলীগ নেতার গ্রেফতারেও, উনাদের ভাব ও ভাষ্য প্রায় একই ছিল। যে, জামাত শিবির প্রতিরোধ ও খুন করতে গিয়ে কেন ছাত্রলীগ নেতারা গ্রেফতার হবে? প্রথম আলোর এই গুনাহগারির আরো ব্যবহারিক উদাহরণ পাবেন। বাংলাদেশে অন্য সংবাদ মাধ্যমগুলোরও পাবেন।

Share

‘মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা’ লইয়া ফিচার [1] করার পর, মিডিয়া হিশেবে প্রথম আলোরে নিয়া বেশ তর্ক তৈরী হল, দুই হাজার তেইশের মার্চে। বুদ্ধিজীবী হিশেবে এই ঘটনা ও তর্করে কীভাবে পড়লাম, তার একটা বিবরণ দেওয়া যেতে পারে। ইন্টারেস্টিং হল, প্রথম আলোর পোষ্য কালচারাল পারফর্মার ও বুদ্ধিজীবী-পেশাজীবীদের বড় অংশ সরকারি দল আওয়ামীলীগের সাথে কণ্ঠ মিলিয়ে প্রথম আলোর ডিকলারেশন বাতিল চাইল, মিছিল করল প্রথম আলোর বিরুদ্ধে। ইস্যু ছিল, স্বাধীনতা দিবসে একটি শিশুর ছবি ও সাক্ষাৎকার, যেখানে শিশুটি ‘মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা’র কথা বলেছে, যার সূত্র ধরে প্রতিবেদক শামসুজ্জামান শামসকেও গ্রেপ্তার করা হয়।

এই ঘটনা ছিল প্রথম আলোর জন্য বিমর্ষকর।

এদের প্রায় সবাই প্রথম আলোর পুরনো বন্ধু, যাদেরে নিয়া উনারা নাগরিক সমাজ প্রকল্প করছিলেন ও উদীচী— সম্মিলিত সাংস্কৃতিক জোট— আওয়ামী কালচারাল হেজিমনি উদযাপন করতেন প্রায়ই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সাংবাদিক, নাট্যাভিনেতা, সিনেমা কুশলি, কবি, যেমন নির্মলেন্দু গুণ, নুরুল হুদা-সহ সব পেশার লোকজনকে, যার একই সাথে প্রথম আলোর সুবিধাভোগিও ছিল, প্রথম আলো ইস্যুতে স্রেফ গার্মেন্টস কারখানা শ্রমিকের মত দাস হিশেবে ব্যবহার করতে পেরেছিল তখন আওয়ামীলীগ। সেই সময়, প্রথম আলো ইস্যু নিয়া নাটগোষ্ঠির নড়াচড়া, বিশেষত নাটকের পুরনো ‘নায়িকা’দের ‘উচ্ছ্বাস’ বেশি চোখে পড়েছিল। যারা প্রথম আলোর কল্যাণে একটা বিশেষ মর্যাদা পেত ও নিয়মিত পুরস্কার ইত্যাদি গ্রহণ করত।

প্রথম আলো হয়ত মনে করছিল, তাদের ‘নিজেদের’ একটা লেখক সংস্কৃতিসেবি গোষ্ঠি দাঁড়াইছে। আসলে গোষ্ঠিটা ছিল আওয়ামী লীগের। বাংলাদেশের বামদেরও পশ্চাদপদ অংশ এই ধরনের আওয়ামী তৈজশপত্র ও সৈন্য সামন্ত প্রডিউস করে, আর ভাবে, বা দেখায়, বিপ্লব খুব দ্রুতই হইতেছে। এদের সবের আসল বিপ্লবটা হল, বিএনপি জামাতের বিরুদ্ধে, অনেকটাই ‘শেখ হাসিনার বাংলাদেশ’রে টিকিয়ে রাখার সংগ্রাম। আর কিছু না। এই যে ‘আর কিছু না’, এই ঘটনাটার সাথে এত খুল্লমখোলা চিন পরিচয়ের সময় খুব বেশি আসে না। শাহবাগের সময় একবার আসছিল। প্রথম আলো ইস্যুতেও, কিছুটা বুঝতে পারবেন।

যদিও, প্রথম আলো, মানে মতিউর রহমান এইসব না বোঝার মত অবুঝ নন, কারণ প্রথম আলোরও রাজনীতি ছিল এটাই। কিন্তু কিছুটা এলিট, যেইটা দিয়ে একটা সিভিল সোসাইটির ক্ষমতা তৈরী হতেছিল। এক এগারতে বিএনপির বিপরীতে শেখ হাসিনাকে এই সিভিল সোসাইটির পছন্দ ও ইচ্ছেমতই, কিন্তু তার কাছে নাকে খত দিয়ে ক্ষমতায় আসতে হইছিল। আওয়ামীলীগ এই এলিটরে ভয় পেল। তাই তরবারি উল্টে গেল, এর সেনাসামন্ত, মানে হরিশংকর জলদাস সমেত। ‘হরিশংকর জলদাস’ নামের বহুল প্রচারিত প্রথম আলো ব্রান্ডের লেখককেও দেখা গেল, দরকারি সময়ে ঠিকঠাক তরবারি উল্টে দাঁড়ালেন, শেখ হাসিনার বাংলাদেশের পক্ষে ও প্রথম আলোর বিপক্ষে।[2]

ফলে, আমার ধারণা, বাকশাল যদি সিদ্ধান্ত নিত, অতি দ্রুতই প্রথম আলো বন্ধেরও উদ্যোগে অগ্রণী হতেন প্রথম আলোর এই পুরনো বন্ধুরা।

পাশাপাশি, আমি দেখি— প্রথম আলো বন্ধের পক্ষে শেখ হাসিনা যেমন, ‘ইসলামপন্থি’দেরও বড় অংশ আসতে পারল, শেখ হাসিনার বাকশালের ভেতরেই। মানে, প্রথম আলো বন্ধে সব মিলে একটা ‘সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র’ আছে। এবং ‘সংখ্যাগরিষ্ঠের পেশি ক্ষমতা’ও। এইটা তো ভালই, গণতন্ত্রহীনতার দিনে শেখ হাসিনা ও ইসলামপন্থিরা মিলে আমাদেরে অন্তত একটা ছোট গণতন্ত্র দিল ও আমরা গণতন্ত্রে ফিরলাম, অন্তত প্রথম আলো ইস্যুতে।

…

এই ছোট গণতন্ত্ররে আর একটু কাছ থেকে পড়া দরকার। এই ছোট গণতন্ত্রে প্রথম আলো ব্যাপারটা কেমন?

আমি প্রথম আলোরে ঠিক আওয়ামী লীগ না, সিভিল সোসাইটি হিশেবে পড়তে পেরেছি সব সময়। বাংলাদেশে আর সব পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়া মিলে পিওর আওয়ামীলীগ। উভয়ের ইন্টারেস্ট এর মধ্যে মাঝে মধ্যে ওভারল্যাপ হওয়ায় কিছু বিভ্রান্তি তৈরী হইছে। যেমন, সমাজে জঙ্গী ফেনোমেনন উৎপাদন আর গণঘৃণা তৈরীর আওয়ামী প্রজেক্টে তাদের কনসেন্ট ও অবদান আছে বইলা আমাদের বড় অভিযোগ আছে। জামাত শিবির প্রতিরোধ করতে গিয়ে ‘পুলিশ কেন মার খাচ্ছে’, প্রথম আলো পত্রিকা এবং আরো প্রভূত চিন্তাশীল মিডিয়া ও বুদ্ধিজীবীরা এমন একটা দার্শনিক প্রশ্ন করেছিল দুই হাজার বার সালে। সেই সময়ে সুশিল সমাজ এবং আওয়ামীলীগ উভয়ের ইন্টারেস্ট এক হয়ে গেছিল। তাদের এই দার্শনিক অভিজ্ঞানের ফল ছিল শাহবাগের মব। দুই হাজার উনিশেও, আবরার খুনের পর বুয়েট ছাত্রলীগ নেতার গ্রেফতারেও, উনাদের ভাব ও ভাষ্য প্রায় একই ছিল। যে, জামাত শিবির প্রতিরোধ ও খুন করতে গিয়ে কেন ছাত্রলীগ নেতারা গ্রেফতার হবে? প্রথম আলোর এই গুনাহগারির আরো ব্যবহারিক উদাহরণ পাবেন। বাংলাদেশে অন্য সংবাদ মাধ্যমগুলোরও পাবেন।

মূলত, বাংলাদেশের মিডিয়াজগতে এই দুই পন্থার বাইরে কোন ভিন্নমত নেই। মিডিয়া জগতে বিএনপির কোন স্টেক নেই, এমন কি বিএনপির লোকেরাও ক্ষমতায় থাকাকালে এই আওয়ামী মিডিয়াগুলোই তৈরী করছিল, আপনারা খেয়াল করলে দেখবেন।

তাহলে, হাসিনার আশীর্বাদের সেই প্রথম আলো বিরোধী আন্দোলনে প্রথম আলো বন্ধ হইলে যা হতে পারত, বাংলাদেশে শেখ হাসিনার বাকশালের পাশাপাশি, সব মিলে একটা ‘পত্রিকা’ই, মানে পিওর বাকশালই আরো আদি চেহারায় ফিরত। শেখ হাসিনার যে বাকশাল, তার থেকে এই নতুন ও আদি অবস্থার ব্যতিক্রম হল, প্রথম আলো অল্পসল্প ভিন্নমত হিশেবে জারি ছিল, কখনো কখনো, যেইটা শেখ হাসিনার জন্য একটু বিরক্তির, এবং  কিছুটা শঙ্কারও ছিল। যেহেতু আওয়ামীলীগের তখন কোন জনরাজনীতি নেই।

তো, মিডিয়ার এই এবসলিউট বাকশাল কায়েমের পর, তখন, বিএনপির দাবী অনুযায়ী কেয়াটেকারের অধীনে নির্বাচন হইলে কী, না হইলেও কী! মিডিয়া আওয়ামীলীগের ভাষার বাইরে একটা কথাও, আহা উহুও কইত না। মানে, রাতের ভোট হোক বা দিনের ভোট, কেয়ারটেকার হোক বা শেখ হাসিনা, কেবল আওয়ামীলীগের কথাই কইত। শেখ হাসিনাই জিতত। জুলাইয়ের অভ্যুত্থানের আগ পর্যন্ত এই সব আলাপই আমরা করতেছিলাম।

…

এই অবস্থায়, আওয়ামীলীগের পক্ষ থেকে প্রথম আলো বন্ধের যে আওয়াজ, নাগরিক ও বুদ্ধিজীবীতার কর্তব্য হিশেবে তার নিন্দা ও প্রতিবাদ করেছিলাম আমরা অনেকেই। কারণ, প্রথম আলোর বিরুদ্ধে আমার যাবতীয় সমালোচনা ও বিরোধ স্বত্বেও, স্বাধীন ‘জনমাধ্যম’ তৈরী হওয়া, জনমাধ্যমের স্বাধীন হয়ে ওঠার পক্ষে ও এই ইস্যুতে পত্রিকা হিশেবে প্রথম আলোর বিরুদ্ধে সেই সময়কার যে সরকারি গুণ্ডামি ও গ্রামশির সেই ভাড়াটে বুদ্ধিজীবীদের তৎপরতা দেখা গেছে, তার বিরুদ্ধে আমার নৈতিক অবস্থান পরিস্কার করাকে কর্তব্যকর্ম হিশেবেই দেখেছি আমি।

এই কর্তব্যকর্মটি কেমন, আর একটু পরিস্কার হওয়া দরকার। আমি তেমন কইরা ‘মত প্রকাশের স্বাধীনতা’ ধরনের ধর্মের ফলোয়ার না। ফলত প্রথম আলো বা অন্য কোন মিডিয়ারে নিষিদ্ধ যদি সরকার করে, তার ব্যাপারে আমার আপত্তি বা কনসেন্ট স্রেফ ‘মত প্রকাশের স্বাধীনতা’র জায়গা থিকা একটুও না।

‘একটি ভাল পত্রিকা বন্ধ হয়ে যাবে’ বা ইউনিভার্সাল ‘মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন হইতেছে’ ধরনের আলাপগুলোর লিমিট আমি বুঝি। দুই হাজার তেরর অক্টোবরে কবি ফরহাদ মজহার মিডিয়াগুলোতে বোমা মারা উচিত বইলা মন্তব্য করছিলেন, তখনকার বেসরকারি টেলিভিশন একুশে টিভির ‘একুশের রাত’ এর কোন এপিসোডে। সেই দিন থিকা মিডিয়াগুলোতে ফরহাদ গুম হইছিলেন। আমি এই গুমের প্রতিবাদ করারেও গুরুত্পূর্ণ মনে করেছিলাম। মানে, এই ‘বোমা মারা’ সম্ভব ঘটনার সাথে স্রেফ ‘মত প্রকাশে’র যে লিবারাল ঘটনা, তার লড়াই তো আছে। আমি সেই লড়াইয়েরও মানুষ।

কিন্তু, একই সাথে, আমি স্রেফ বন্ধ বা নির্মূল ধারণার বিরোধী, নির্মূল কমিটির টাইম থিকাই এইটা স্পষ্ট কইরা আসছি।

আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনগুলো, এবং প্রথম আলোর পোষ্য মিত্রদের পক্ষ থেকে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীরে বিপদ বইলা উল্লেখ করেছিলাম, কারণ, স্বাধীন বাংলাদেশে নাগরিকদের যে কোন রকম ‘স্বাধীন’ অভিব্যক্তিরেই দীর্ঘদিন ধরে ‘দেশদ্রোহিতা’, ‘দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাওয়া’ বলার পার্টিজান এক্টিভিজম চালিয়েছেন আমাদের সাংবাদিক ও মিডিয়াগুলো, আওয়ামীলীগ ও এর কালচারাল উইংস এর পক্ষ হয়েই। আবার যে ওরা প্রথম আলোর ‘মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা চাওয়া’র রিপোর্ট নিয়া ‘দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাওয়া’র অভিযোগ তুলেছেন পরে, তাও সেই একই মতলবি ঘটনাই। যার উদ্দেশ্য, হাসিনার শাসনে জনদুর্দশার যে চিত্র প্রথম আলো হাজির করেছে সেই রিপোর্টে, তারে আড়াল করা ও তারে নিয়ে যে কোন রকম জনসচেতনতারে থামিয়ে দেওয়া ও সাহসহীন করা।

অথচ, মিডিয়ার কাজই হল, জনদুর্ভোগগুলো নিয়ে সচেতনতা ও মানুষের স্বাধীনতার মুহূর্তগুলোকে তুলে ধরা। এই জাগায় প্রথম আলোর পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম।

এই সব বিষয়ে আমি প্রচুর লেখালেখিও করেছি, আমার সোশাল হ্যান্ডেলে, বা আমার ব্যক্তিগত সাইটে। তা সত্ত্বেও, প্রথম আলোর বিরুদ্ধে এই আওয়ামী গণখবরদারির দিনে আমি প্রথম আলো বিষয়ক বন্ধুদের বিবৃতিতে থাকাটারে অহেতুক মনে করেছি, গুরুত্বপূর্ণ মনে করি নাই।

কেন?

…

কারণ, আমি বহুদিন ধইরা একটা নতুন বা পুরনো তর্ক উসকে দিচ্ছি।

সেটি হল, বাংলাদেশে মিডিয়া বলিতে যা কিছু একজিস্ট করে, তা মূলত প্রেসনোটের বাইরে কোন নিউজ প্রডিউস করে না। স্রেফ প্রেসনোটরেই সংবাদ বইলা প্রচার-প্রপাগাণ্ডা হাজির করে মাত্র, যার মধ্যে ‘জনমাধ্যম’ অনুপস্থিত। সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি বহির ভূমিকায় এই নিয়া বিস্তর আলাপ করেছি। বিশেষত, এক এগারর পর থেকে পুরো সময়টাই এই প্রেসনোট সাংবাদিকতার উদাহরণ।

আর, ‘বিবৃতি’ও ফর্ম হিশেবে প্রেস রিলিজই।

তো, এই প্রথম আলোর বিরুদ্ধে সরকারি খবরদারির ইস্যুতেও দেখবেন, প্রথম আলো বা আর আর মিডিয়াগুলোতে ‘বিবৃতি’, মানে স্রেফ প্রেস রিলিজগুলোই সংবাদ বইলা ছাপানো হইছে।

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে যে ‘সরকারি নাট আন্দোলন’ ও তৎপরতা, তারে লইয়া আমরা নিজেদের পরিসরে ও নিজস্ব সোশাল হেন্ডেলে প্রচুর গুরুত্বপূর্ণ আলাপ ও তর্ক করেছি। দেখবেন, আমরা যে গুরুত্বপূর্ণ কথা কইলাম ও তর্ক তুললাম, প্রথম আলো এই তর্ক নিয়া কোন ফিচার নিউজ দূরঅস্ত, নিদেনপক্ষে কোন নিউজও করে নাই। যেন, এইসব ঘটেই নাই।

মানে, আমরা, আমাদের আলাপসহ প্রথম আলো বা অন্য মিডিয়াগুলোতে সব সময়কার মতই ‘নেই’ হয়ে আছি, স্রেফ প্রেসরিলিজগুলো ছাড়া।

…

আমি প্রথম আলো বা মিডিয়া বলিতে আর আর যে ঘটনাগুলো হাজির থাকিত চায়, তাদের এই গেঁয়ো, অথচ এলিট ভাব নেওয়া, মূলত পার্টিজান, বা না-গুরুত্ব দেওয়ার রক্ষণশীল, মৌলবাদী অবস্থানগুলোকে প্রশ্ন করার এবং ভেঙে দেওয়ার ব্রত নিয়েছি।

সেটা হল, ওরা ওদের মিডিয়া ধারণায় জন-বিতর্ক ও ‘জনমাধ্যম’ যে অনুপস্থিত, এই ঘটনার কারেকশন করবে। ‘প্রেস রিলিজ’ এর বাইরের অপিনিয়নগুলোর গুরুত্ব বুঝবে এবং এই সময়ের গুরুত্বপূর্ণ চিন্তাগুলোরে লোকেইট করে জনপরিসরে হাজির করতে সক্ষম হবে। ওরা যদি স্রেফ প্রেসনোট ছাপানোর বাইরে, এই সময়ের গুরুত্বপূর্ণ চিন্তাগুলোরে যদি লোকেইট করে জনপরিসরে হাজির করতে সক্ষম না হয়, তারা তো এক পর্যায়ে নিবন্ধন বাতিল ছাড়াই ‘অপ্রাসঙ্গিক’, ‘নেই’, মানে ‘নিষিদ্ধ’ হয়ে যাবে। নায়ক নায়িকাদের দাঁড়ানো ছাড়াই। তারা নিজেদের ব্রত, মানে এই রক্ষণশীল অবস্থান না ভাঙা পর্যন্ত প্রথম আলো বা যে কোন ইস্যু নিয়ে এখনই বিবৃতি না দিয়ে অপেক্ষা করতে ইচ্ছুক আমি।

অবশ্যই, আমার এই ব্রত যে কোন মুহূর্তে ভাঙতেই আমি ইচ্ছুক হব, যদি দেখি, বিবৃতিতে আমার সাক্ষর না দেওয়াটাই প্রথম আলোর বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের দমন ও নিয়ন্ত্রণমূলক অবস্থানের পক্ষে কোন অপিনিয়ন তৈরী করছে।

সৌভাগ্যবশত, এরকম কোন গোস্তাখি হইতেছে বলে মনে করছি না। আর, আবারো কই, রাষ্ট্রে জনকনসেন্ট এর উত্থানের পাশাপাশি, আমি ‘জনমাধ্যমে’রও উত্থান চাই। প্রথম আলো বা অন্য যে কোন মিডিয়া বিষয়ে আমার আগ্রহ এটুকুই। ওরা কবে ‘জনমাধ্যম’ হয়ে উঠবে?

পুনমুদ্রণ, ফ্রম মধ্যবর্তি বেঞ্চটাতে। পৃষ্ঠা ১১১। দুয়েন্দে পাবলিকেশন্স। ফেব্রুয়ারি ২০২৫


[1]  ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’, সাভারের জনৈক দিনমজুর জাকির হোসেনের বরাতে এই ক্যাপশনে প্রতিবেদক শামসুজ্জামান শামসের ফিচার প্রকাশ করে প্রথম আলো, ২৬ মার্চ, ২০২৩ তারিখে। প্রকাশের ১৩ মিনিটের মাথায় প্রথম আলো সংশোধনীসমেত হেডলাইন পরিবর্তন করে এবং ছবি সরিয়ে নেয়।

[2]  ‘প্রথম আলোর রাষ্ট্রবিরোধী সংবাদের নিন্দা শত সংস্কৃতিসেবীর’, বাংলা ট্রিবিউন। ৩ এপ্রিল, ২০২৩।

Leave the first comment